নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়ায় হাড়হিম ঘটনা। গাড়ি করে বাড়ি ফেরার সময় বাবা-ছেলেকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃত কংগ্রেস নেতা আনিসুর রহমান। বয়স ৫০ বছর। আর ছেলে আবু সুফিয়ান। বয়স ২৪ বছর। পেশায় আইনজীবী। দুজনই শনিবার রাতে একটি চার চাকা গাড়ি করে ফিরছিলেন। সেই সময় নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে আক্রমণ করে দুষ্কৃতীরা। প্রথমে গুলি ছোঁড়ে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। এরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

প্রত্যক্ষদর্শী বলেন, “দুই বাপ-বেটায় বাড়ি যাচ্ছিল। রেলেগেটে সামনে এই ঘটনা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ওদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে।” মৃতের শ্যালিকা বলেন, “ও কংগ্রেস পার্টি করত। প্রতিটা মানুষের সঙ্গে থাকতেন, পাশে থাকতেন। হিংসা থেকে ওর শত্রুরা খুন করে দিল। ওর ছেলেটাকেও কেন খুন করল জানি না।”

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে গোটা রাজ্যজুড়ে রবিবার কালা দিবসের ডাক দিয়েছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে আজ।আমরা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা করি। এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধের অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।”
Sponsored Ads
Display Your Ads Here









