নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে তেলের সঙ্কট ক্রমশ প্রকট হয়ে উঠেছে। ভারত সহ একাধিক দেশে তার প্রভাব পড়েছে। তেমনই সাধারণ মানুষের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও চিন্তা বাড়ছে। এরই মধ্যে গ্যাস বুকিংয়ের সময় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার একুশ দিন নয় পঁচিশ দিন অন্তর রান্নার গ্যাস বুক করার নিয়ম করা হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তথা এলপিজির জোগানে বড়ো প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সব তৈল পরিশোধনাগারগুলিকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।” আর সঙ্কটময় পরিস্থিতিতে সবাই যাতে সমানভাবে সিলিন্ডার পায়, তার জন্য কেন্দ্র একুশ দিন অন্তর গ্যাস বুকিং করার সিদ্ধান্ত নেয়। পরে সেই সময় আরো বাড়িয়ে পঁচিশ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে বলে নির্দেশ দিয়েছে। পাশাপাশি যাতে কোনো কালোবাজারি না হয়, তার জন্য সতর্কও করা হয়েছে।

আর শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে যাতে এলপিজির কোনো অভাব না হয়, সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে ওয়েল মার্কেটিং সংস্থাগুলির ডিরেক্টরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য ক্ষেত্রে এলপিজির জোগানের বিষয়টিতে নজর রাখবে। হিসেব করে দেখা গিয়েছে, সাধারণ পরিবারে বছরে সাত থেকে আটটি ১৪.২ কেজির সিলিন্ডার লাগে। অর্থাৎ ছ’সপ্তাহের আগে নতুন সিলিন্ডার লাগে না। তাই ওই জোগানটা যাতে ঠিক থাকে, তার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। যদিও নতুন নিয়মে সাধারণ গৃহস্থ সহ হোটেল-রেস্তোরাঁর মালিকরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









