অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রান্নার গ্যাসের পর এবার আশঙ্কা সত্যি করে অটোয় জ্বালানী হিসাবে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটারে পাঁচ টাকা বেড়ে গেল। এর জেরে অটোচালকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। অটোচালকদের অভিযোগ, “সকালবেলা থেকে লিটার প্রতি এলপিজির দাম ৫৭ টাকা ৬৮ পয়সা ছিল। কিন্তু হঠাৎ পাঁচ টাকা বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা দাঁড়িয়েছে।” তবে দাম বৃদ্ধি নিয়ে অটোচালকরা যথেষ্ট ধোঁয়াশায় রয়েছেন৷

আজ ভোররাত থেকেই শহরের প্রায় সব পাম্পেই গ্যাস রিফিল করার জন্য লম্বা লাইন দেখা গিয়েছিল। পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “পাঁচ মিনিট আগেও পুরোনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু আচমকা নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে।” পাশাপাশি গ্যাস সরবরাহকারী সংস্থার কর্মীরা কম গ্যাস যে আসছে তা নিজেরাই স্বীকার করে নিয়ে জানান, “প্রতিদিন যে পরিমাণে গ্যাস লাগে এখনো অবধি তার প্রায় অর্ধেক এসেছে।”

দাম বৃদ্ধি পেতেই প্রত্যেক অটোচালকের গলাতেই ক্ষোভের সুর ভেসে উঠেছে। সকলের কথায়, “কম করে তিন থেকে চার ঘন্টা লাইন দিতে হচ্ছে।” কেউ কেউ বলেন, “মঙ্গলবার দু’ থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যায়নি। ফলে সময়মতো রুটে না পৌঁছানোয় পকেটেও টান পড়ছে।” অর্থাৎ সংসার চালানো নিয়ে দিকবিদিকশূন্য হয়ে পড়েছেন তারা।
Sponsored Ads
Display Your Ads Here









