নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ তৃণমূল নেতার মেয়েকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, চুলের মুঠি ধরে টানাটানি। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। গত দু’ মাস ধরে গা ঢাকা দিয়ে থাকার পরে আদালতের নির্দেশে তদন্তকারী অফিসারের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এসে বিক্ষোভের মুখে পড়েন কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন কৃষ্ণ দাস। তাঁরই মেয়ে প্রণয়িতা জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এ দিন প্রণয়িতার গাড়ি থানার সামনে ঢুকতেই শুরু হয় ডিম ছোড়া। গাড়ি থেকে নামাতেই চুল ধরে টানাটানি। পুলিশ কোনও মতে তাঁকে থানার ভিতরে নিয়ে যায়।

বিক্ষোভকারী মহিলা ও বিজেপি কর্মীদের বক্তব্য, ক্ষমতায় থাকার সময়ে কৃষ্ণ দাস এবং তাঁর মেয়ে প্রণয়িতা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাতেন। তাঁদের কঠোর শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা। এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এ দিন। বিক্ষোভকারীরা জানান, নির্বাচনের ফল ঘোষণার পরের দিন বিজেপি-র ছয় জন কর্মীর উপরে হামলা চালান কৃষ্ণ, তাঁর মেয়ে ও তাঁর অনুগামীরা। কার পর থেকে তাঁরা ফেরার ছিলেন বলে অভিযোগ। আদালতের নির্দেশে এ দিন কোতোয়ালি থানায় হাজিরা দেন প্রণয়িতা।

থানার সামনেই রাস্তায় প্রচুর মহিলা, পুরুষ পথ আটকে দাঁড়িয়েছিলেন। গাড়ি আটকে ডিম ছোড়া হয়। বিক্ষোভকারী রূপালি দাস বলেন, ‘বাবা ও মেয়ে মিলে এতো বছর ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে।’ বিজেপি নেতা শুভম ছেত্রী বলেন, ‘এ দিন যা হলো, তা মানুষের মধ্যে পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ।’
Sponsored Ads
Display Your Ads Here









