নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়িতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। প্রকাশ্য রাস্তায় হঠাৎ বন্দুক বের করে যুবকের মাথায় গুলি চললো। গুলি চালানোর ঘটনা ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। মৃত যুবকের নাম সফিক খান। বাড়ি গোলাবাড়ি থানার পিলখানায়। প্রোমোটিংয়ের ব্যবসা করতেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেছে, এদিন ভোরে সফিক রাস্তার পাশে খাবার নিতে এসেছিল। তখন রোহিত ও মহম্মদ হারুন খান নামে দুই হামলাকারী এসে ওই যুবকের সামনে দাঁড়ায়। এদের মধ্যে এক জন সফিকের সঙ্গে মুখোমুখি কথা বলে এবং অন্য জন পিছনের দিকে চলে যায়। আশপাশে আরো কয়েকজনও ছিল। এরপর এক জন আচমকা পিছন থেকে বন্দুক বের করে সফিকের মাথায় গুলি করে। তারপর সে লুটিয়ে পড়তেই রোহিত ও হারুন পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়।

পরে গোলাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে। সফিকের পরিবারের অভিযোগ, “অনেক আগে হারুনের সাথে ঝামেলা হয়েছিল। কিন্তু কোনো শত্রুতা ছিল না। হারুনই আর একজনকে নিয়ে এসে গুলি করেছে।” পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবী করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে তোলাবাজি নাকি পুরোনো শত্রুতা রয়েছে? তা খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads Here









