নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাতে প্রকাশ্য রাস্তায় জলপাইগুড়িতে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আপাতত অভিযুক্ত পলাতক। ভোটের মুখে এহেন ঘটনায় রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

অভিযোগ, “এক তরুণী শিলিগুড়ি যাওয়ার জন্য রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর হাটের কাছে দাঁড়িয়েছিল। কিন্তু বাস আসতে দেরী করায় পাশে একটি ফাস্ট ফুডের দোকান গিয়ে বসে। তখনই এক যুবক তরুণীকে দেখে অশালীন ইঙ্গিত করে। এমনকি দোকানে এসে তার পাশে বসে সর্বাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে। এরপর হাত ধরে টেনে অন্ধকারে নিয়ে যায়। তারপর ওই তরুণী সাহস করে যুবককে কলার ধরে টেনে আনেন। এরপর ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এসে অভিযুক্তকে বেধম প্রহার করেন। তারপর ওই যুবক ফাঁক বুঝে পালিয়ে যায়।”

বাড়ি ফিরে নির্যাতিতা পরিবারের সদস্যদের সব কথা জানালে পরিবারের সদস্যরা রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও ওই যুবক এইভাবে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। আর ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তও শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here










