নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ বিকেলবেলা নাগাদ উত্তাল সমুদ্রে তলিয়ে গেল এক নাবালিকা। ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে একটি জায়গায় এই ঘটনা ঘটেছে। নিখোঁজ নাবালিকার নাম আসমিরা খাতুন। ১১ বছরের ওই নাবালিকা নৈহাটির বাসিন্দা। পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল। ঘটনাস্থলে রয়েছে দিঘা থানার পুলিশ।

ওই এলাকা দিঘা হাসপাতাল সংলগ্ন। ওই এলাকায় বহু পর্যটক সমুদ্রে স্নান করেন। বহু লোকের ভিড় থাকে। এ দিন প্রথম থেকেই উত্তাল ছিল সমুদ্র। আবহাওয়া খারাপ থাকায় মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছিল। এই পরিস্থিতিতে ওই নাবালিকা কী ভাবে সমুদ্রে তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ। নিষেধ না শুনে সমুদ্রে নামা হয়েছিল নাকি অন্য কোনও ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে ওই নাবালিকা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত নিখোঁজ নাবালিকাকে খোঁজার চেষ্টা চলছে বলে দিঘা থানা সূত্রের খবর। স্পিডবোট নামানো হয়েছে, নুলিয়া নামিয়ে খোঁজার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় এবং সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।










