নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙা রাস উৎসব দেখতে বিপাকে পড়লেন বহু দর্শনার্থী। মেলার ভিড়ে চুরি হলো একের পর এক দামি মোবাইল ফোন। উৎসবে আনন্দ করতে এসে মোবাইল খুইয়ে মাথায় হাত বহু দর্শনার্থীর। শুক্রবার সকাল থেকেই মোবাইল চুরির অভিযোগ জানাতে শান্তিপুর থানায় ভিড় জমতে থাকে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা ছিলেন সেই লাইনে।

বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাঙা রাসের বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা দেখতে নদিয়া ছাড়াও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছিলেন। রাসের শোভাযাত্রা দেখতে রাস্তার দুইধারে উপচে পড়ে ভিড়। কার্যত জনসমুদ্রে পরিণত হয় শান্তিপুরের রাজপথ। অভিযোগ, সেই বিপুল ভিড়ের সুযোগে সক্রিয় ছিল মোবাইল চোরের দল। শোভাযাত্রা দেখার ব্যস্ততায় অনেকেই বুঝতে পারেননি কখন তাঁদের পকেট থেকে উধাও হয়ে গিয়েছে দামি মোবাইল ফোন। বাড়ি ফিরে কিংবা ভিড় থেকে কিছুটা বেরিয়ে পকেটে হাত দিতেই বিষয়টি বুঝতে পারেন অনেকে। স্মার্টফোন হারিয়ে হাতছাড়া হয়েছে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও নথি।

এরপর সকালবেলা থেকেই একের পর এক দর্শনার্থী শান্তিপুর থানায় পৌঁছতে শুরু করেন। কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে আসা ক্ষতিগ্রস্তদের দীর্ঘ লাইন পড়ে যায়। প্রত্যেকেরই দাবি, দ্রুত তাঁদের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। রাস উৎসবে মোবাইল চুরির ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এত বড় ভিড়ে মোবাইল চোরদের দৌরাত্ম্য রুখতে কি আগাম ব্যবস্থা ছিল না? পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









