ব্যুরো নিউজঃ দুবাইঃ স্বপ্নের শহর দুবাই। যেখানে চোখ ঘোরালেই রয়েছে গগনচুম্বী অট্টালিকা, ঝাঁ চকচকে রাস্তা। তবে এবার দুবাইয়ের রাস্তাকে সোনায় মুড়ে ফেলার পথে সংযুক্ত আরব আমিরশাহির সরকার। ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরী আস্ত একটি হাঁটার রাস্তা গড়ে তুলছে তারা। ২০২৬ সালের শেষদিকে ওই রাস্তা খুলে দেওয়া হবে সকলের জন্য।

দুবাইয়ের আল-রাস এলাকায় রয়েছে ডেরা সোনার বাজার। এটি কেবল দুবাই নয়, গোটা বিশ্বেরই বৃহত্তম সোনার বাজার। প্রায় চারশোটি সোনার দোকান রয়েছে সেখানে। ১৮ থেকে ২৪ ক্যারাটের সোনা, রুপো, প্ল্যাটিনাম, হিরের দোকানে সাজানো সেই এলাকায়। রয়েছে সোনার তৈরি নানা বিলাসবহুল সামগ্রীর দোকানও। সেই এলাকার রাস্তাটিকেই এবার আকর্ষণীয় করে তুলতে সোনায় মুড়ে দিতে চলেছে ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট’। অর্থাৎ, রাস্তাটি হবে সোনার পাতে মোড়া। সেই সোনার উপর দিয়েই হাঁটতে পারবেন পর্যটকেরা। এ বছরের শেষেই রাস্তাটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের শীর্ষ আধিকারিক রশিদ আল হারমুদি জানিয়েছেন, পর্যটকদের জন্য সকাল থেকে রাত অবধি খোলা থাকবে সোনার পথ। রাস্তার দু’পাশে স্বর্ণ অলঙ্কারের প্রদর্শনীও হবে রোজ। ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে মুড়ে তৈরি হবে সে রাস্তা। বাস্তবে সোনার উপর দিয়েই হাঁটবেন লোকজন। তাতে রাজকীয় অনুভূতি হবে পথচারীদের। বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র হিসেবে ডেরার নাম ও খ্যাতি আরও বৃদ্ধি করার জন্যই এই প্রচেষ্টা বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিশ্বের নানা দেশের হাজারের বেশি অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা ডেরায় পৌঁছে গিয়েছে। সোনার পথে হাঁটার সময়ে সেই সব নামীদামি ব্র্যান্ডের সোনার ও হিরের গয়না দেখতে পাবেন পর্যটকেরা। তা কেনার আকর্ষণীয় ছাড়ও থাকবে। দুবাইতে হলুদ ধাতুর দাম এমনিতেও তুলনামূলক ভাবে কম। এ বার সোনা কেনার সেই সুযোগকেই আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। উল্লেখ্য, সোনার গয়না তৈরিতে ইতিমধ্যেই মাইলফলক তৈরি করেছে দুবাই। ভারতীয় ঝুমকো তৈরি করে দু’-দু’টি গিনেস ওয়র্ল্ড রেকর্ডস তৈরি করেছে Joyalukkas Jewellery, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওজনের এবং সবচেয়ে বড় আকারের সোনার দুল। রশিদ আল হারমুদি জানিয়েছেন, দুবাইয়ের বুকে ‘সোনার পথ’ তৈরি করে সকলকে স্বর্ণালী অভিজ্ঞতার অর্জনের সুযোগ করে দিতে চান তাঁরা।










