অন্বেষা দেঃ কলকাতাঃ খাদ্যের গুণগত মান সঠিক রাখার লক্ষ্যেই গত কয়েকদিন ধরে খাদ্য সুরক্ষা দপ্তর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় হানা দিচ্ছে। আর আজ কৈখালি হলদিরাম এলাকার প্রভুজি রেস্তোরাঁর রান্নাঘরে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশ দেখে বিরক্ত তাঁরা। এই আউটলেট দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ওই আউটলেটে অভিযান চালিয়ে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিস্থিতি দেখতে পান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাঁদের অভিযোগ, রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে নোংরা। এমনকী, সেখানে আরশোলার উপস্থিতিও নজরে এসেছে বলে জানান। এরপরেই রেস্তোরাঁটি আপাতত দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। দু’দিন পরে ফের রান্নাঘর পরিদর্শনে যাবেন আধিকারিকরা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাঁরা সন্তুষ্ট হলে তবেই আবার দোকান খোলার অনুমতি মিলতে পারে।
খাদ্যসুরক্ষা দপ্তরের নির্দেশে দু’দিনের জন্য বন্ধ রেখে ভিআইপি রোডের ধারের হলদিরাম প্রভুজি আউটলেটে ডিপ ক্লিনিং ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে জানালেন দায়িত্বে থাকা কর্মী রাঘব পোদ্দার। তাঁর দাবি, ফ্লাই ক্যাচার কাজ না করায় মাছির সমস্যা হচ্ছিল। পাশাপাশি, তারের ও কাউন্টারের কিছু সমস্যা হয়েছে। সেগুলি দ্রুত ঠিক করে ফের আউটলেট চালু করা হবে।অন্যদিকে, গত শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পনির ও বাসি মাংসের খোঁজ মেলায় ওই রেস্তোরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here









