নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের প্রত্যন্ত লোধা-শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামে সভা করলেন। আর ৬ মাসের মধ্যে গোটা ঝাড়গ্রামকে আমূল বদলে ফেলার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এও বললেন, রাজ্যের পাশাপাশি কেবল ঝাড়গ্রামের উন্নয়নেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। বললেন, ‘কেবল কথায় নয়, কাজে বদল দরকার।’ সব ব্লক, স্বাস্থ্যকেন্দ্রে এক্স রে মেশিন যাতে থাকে, তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। তাঁর কথায়, ‘ঝাড়গ্রাম যাতে কোনও রেফার হাসপাতাল না হয়।’

কেবল স্বাস্থ্যক্ষেত্রে নয়, অর্থনৈতিক-সামাজিক সমস্ত প্রেক্ষাপটেই বদল আনার প্রয়াস শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম থেকে এদিন একাধিক প্রকল্পের ঘোষণাও করেন তিনি। ঝাড়গ্রামবাসীদের উদ্দেশে তিনি বলেন, “ঝাড়গ্রাম নিয়ে অনেক লম্বা পরিকল্পনা রয়েছে। মিলিয়ে নেবেন, আপনাদের কুটুম কাজ দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন।” তিনি আরও বলেন, “এ সম্পর্ক অনেক দিনের। এবার এই সম্পর্কের সঙ্গে উন্নয়নের সম্পর্ক সম্পৃক্ত করব।” উল্লেখ্য, জঙ্গলমহলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক দীর্ঘদিনের। এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের কারণে তাঁকে ভালোবেসে ‘জঙ্গলমহলের কুটুম’ বলে ডাকেন অনেকে।

মুখ্যমন্ত্রী জানান, CIDP-তে ১২১ কোটি টাকার প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “অমিত শাহ ঝাড়গ্রাম জেলাকে তাঁর দফতরের আওতায় এনেছেন। কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্ল্যান্ট অর্থাৎ CIDP-র আওতায় এসেছে। ঝাড়গ্রামের স্বাস্থ্য, বিদ্যুৎ, জলসম্পদ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, প্রাণী সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছে। যেটা পশ্চিমবঙ্গের কোনও জেলা পাবে না, কেবল ঝাড়গ্রামই পাবে। অমিত শাহ জি আপনাদের জন্য বিশেষ বিশেষ উন্নয়ন করতে চান।”
Sponsored Ads
Display Your Ads Here









