মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিজয়া দশমীর পরে বাড়ি বাড়ি মিষ্টি বিলির কর্মসূচি নিয়েছিল বিজেপি-র বসিরহাট শাখা। তার জন্য বসিরহাট বাজারের একটি দোকান থেকে আট পেটি লাড্ডু কিনেছিলেন দলের কর্মীরা। বৃস্পতিবার তা বিলি করার পরে তাঁদের কাছে অভিযোগ জমা পড়ে যে, প্যাকেটবন্দি লাড্ডু পুরো নষ্ট, ছত্রাকে ভরে গিয়েছে। এক শিশু সেই লাড্ডু খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। সেই খবর শুনেই বসিরহাট নতুন বাজারের ওই দোকানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি-র স্থানীয় কর্মীরা। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পরেই প্যাকেট খুলে তাঁরা দেখেন, সব লাড্ডুতে ছত্রাক পড়ে গিয়েছে। ঝামেলার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ওই দোকানের মালিকের কাছে গিয়ে এ দিন তাঁরা জানতে চান, কেন নষ্ট হয়ে যাওয়া লাড্ডু বিক্রি করা হয়েছে। অভিযোগ, বচসার সময়েই দোকানের কাচ ভাঙচুর করেন উত্তেজিত বিজেপি কর্মীরা। কিছুক্ষণের জন্য ইটিন্ডা রোড টাউন এলাকায় যানজট তৈরি হয়। কিছুক্ষণ পরেই অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। বিজেপি-র স্থানীয় নেতারা জানাচ্ছেন, হাড়োয়া এলাকায় ওই লাড্ডুর প্যাকেট বিলি করা হয়েছিল। খবর দেওয়া হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরে।

বিজেপি-র স্থানীয় কর্মী পারমিতা দাসের অভিযোগ, ‘লাড্ডুতে ছত্রাক ছিল। সব মেয়াদ উত্তীর্ণ। প্যাকেটের পিছনে ম্যানুফ্যাকচারিং ডেট মুছে বিক্রি করা হয়েছে।’ বিজেপির স্থানীয় নেতাদের অভিযোগ, লাড্ডুর প্যাকেটের পিছনে ম্যানুফ্যাকচারিং ডেট ঘষে তুলে দিয়েছে। দোকান বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। বসিরহাট সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ স্বপন সাহার দাবি, ‘আট পেটি মিষ্টি নিয়ে গিয়েছিলেন কর্মীরা। সকাল থেকে বাড়িতে বাড়ি গিয়ে বিলি করেছি। তারপরেই খবর পাই, লাড্ডুতে ছত্রাক পড়ে গিয়েছে। একটা বাচ্চা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি।’
Sponsored Ads
Display Your Ads Here









