নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পূর্ব দিল্লির সীমাপুরীতে চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। বুধবার দুপুরে ঘটনার পরে শিশু-সহ তিন জনের দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় আরও দু’জনের দেহ। তাঁদের এক জনের নাম নুসরত। আর এক জন হাজরা বিবি। বিপর্যয়ে অন্তত আট জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। দিল্লি পুলিশ, দিল্লি ফায়ার সার্ভিস, এনডিআরএফ, ডিডিএমএ, এমসিডি এবং ডিইউএসআইবি-র কর্মীদের নিয়ে একাধিক দল গড়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালানো হচ্ছে।

কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রশাসনিক আধিকারিকদের একাংশের অনুমান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডে হওয়া ভূমিকম্পের জেরে রাজধানীতে যে কম্পন অনুভূত হয়, তাতেই ফাটল দেখা দিয়েছিল ওই বহুতলে। তার পরেই এই বিপর্যয়।










