নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ গতকাল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ওয়েস্ট বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় বছর তিনেকের এক শিশু সহ একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃতরা হলো অন্ধ্রপ্রদেশের নুন্না এলাকার বাসিন্দা রামদেব রেড্ডি (৩৯), তাঁর মা কোম্মারেড্ডি অরুণা (৫৬), তিগুরু বিজয়া। রামদেব রেড্ডির বছর তিনেকের শিশুপুত্রেরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। আর তিয়াগুরু অরুণা নামে হায়দ্রাবাদের বাসিন্দা এক মহিলাও গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পুলিশ সূত্রে খবর, রামদেব এবং তাঁর পরিবার গুন্টুরের নাম্বুরুতে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি ডিভাইডারে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়ির সামনের অংশে আগুনে লেগে যায়। সমাজ মাধ্যমে এই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে যাত্রীরা গাড়ি থেকে শূন্যে লাফিয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে তাঁরা ফের মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময়ে কে গাড়ি চালাচ্ছিলেন তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।










