ব্যুরো নিউজঃ ইরানঃ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময়ে ফের জাহাজে হামলা চালানো হলো। অভিযোগের তির ইরানের দিকে। সোমবার ওমান উপকূলের কাছে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজটি পানামার। হামলায় ১২ জন নাবিক আহত হন। তাঁদের মধ্যে ১১ ভারতীয়। হামলার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমান উপকূলের কাছ দিয়ে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি যাচ্ছিল। সেই সময়ে একটি প্রোজেক্টাইল আঘাত হানে। সেটি আদতে মিসাইল না ড্রোন, তা জানা যায়নি। জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। প্রোজেক্টাইলের আঘাতে ১১ জন ভারতীয়-সহ মোট ১২ জন নাবিক জখম হন। হামলার পরেই আহত নাবিকদের উদ্ধার করেন ওমান প্রশাসনের উপকূলরক্ষী বাহিনী। তাঁদের খাসাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। হামলার ঘটনায় ইরানের দিকে আঙুল তুলেছে ওমান প্রশাসন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তেহরান।

হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাণিজ্যিক জাহাজে লাগাতার হামলার ঘটনা যথেষ্ট উদ্বেগের। আন্তর্জাতিক জলপথে যাতায়াত ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।’ একই সঙ্গে আহত নাবিকদের উদ্ধারে সাহায্য করার জন্য ওমানের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ ফের শুরু হলেও জাহাজে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বরং কিছু ক্ষেত্রে তা বেড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই অন্তত সাতটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। এই পরিস্থিতিতে বিকল্প পথে আমদানির চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি।
Sponsored Ads
Display Your Ads Here









