নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃত বিজেপি নেতার নাম শামসের বিশ্বাস। আর আহত আরো ১ জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে খবর। বাঁশ, লাঠি দিয়ে দফায় দফায় হামলা চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল বিকেল থেকেই ঝামেলার সূত্রপাত। কোনো মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রাথমিকভাবে বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটে গেলেও শনিবার ভোরে ফের নতুন করে ঝামেলা শুরু হয় বলে খবর। সেখানেই ওই বিজেপি নেতাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে, একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি নিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছে। এক বার নয়, একাধিকবার হামলা করা হয়। তাতেই ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়ে বলে অভিযোগ। আরও একজন বিজেপি কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনার পর থেকেই এলাকা উত্তপ্ত রয়েছে। সকালেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাশাপাশি ঘটনাস্থলে চলছে পুলিশি টহল। আপাতত থমথমে রয়েছে ওই এলাকা। তবে, কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিজেপির জেলা সহ-সভাপতি অজয় জানার দাবী, “কে করছে, কি করছে তাদের নাম আমাদের কাছে আসছে। থানায় পাঠিয়েছি। তদন্ত হোক। এখন তো আর কোনও বিরোধী রাজনৈতিক দল নেই। তৃণমূলও নেই, সিপিএমও নেই। দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।” অন্যদিকে, জেলা সভাপতি সৌমেন তিওয়ারির দাবী, “যাঁরা গত ১৫ বছর ধরে এলাকায় গোলমাল পাকিয়ে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করেছিল, তারাই ফের এলাকা দখলের চেষ্টা করছে। তাই এই ধরনের গোলমাল হয়েছে। তবে, মৃত শামসের আদৌ বিজেপি করতেন কি না, সেই নিয়েও সন্দেহ রয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here









