নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ হাসপাতাল থেকে মায়ের মৃত্যু খবর পেয়েই হাসপাতালে ছুটছিলেন ছেলে। কিন্তু মাঝপথে শেষ ছেলেও। মর্মান্তিক ঘটনাটি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতার শেরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সালিমা বিবি। বয়স ৬০ বছর ও ছেলে আহসান আলি। বয়স ৩০ বছর।

হাসপাতালের ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান আহসান। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে ট্রেনেও উঠে যান। কিন্তু কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। কিন্তু তিনি কীভাবে ট্রেন থেকে পড়ে যান, তা নিয়েই ধোঁয়াশা। মায়ের মৃত্যুর খবরে তিনি শোকস্তব্ধ ছিলেন, তাই কোনওভাবে হয়তো নিজেকে সামলাতে পারেননি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতেরবেলা আচমকাই অসুস্থ হয়ে পড়েন সালিমা বিবি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের তরফে ফোন করে ভোরবেলায় খবর দেওয়া হয়।










