অন্বেষা দেঃ কলকাতাঃ চরম নিন্দনীয়! কলকাতায় ভাঙা হলো নেতাজির মূর্তি। মু্খ্যমন্ত্রী যেখানে নেতাজিকে অসম্মান করলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, সেখানেই দক্ষিণ কলকাতার বুকে নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল অবধি অক্ষত ছিল মূর্তি। আজ সকালে দেখা যায়, নেতাজির মূর্তি ভাঙা। কে বা কারা নেতাজির ডান হাত ভেঙে দিয়েছে। খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তাদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা নেতাজির মূর্তির ডান হাত ভেঙেছে। এই ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলে জানানো হয়েছে।

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে সতর্ক করেছিলেন। কেউ এমন মন্তব্য করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছিল। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্রগুলির নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ করার কথা বলা হয়েছে। এই ঘোষণার পরই রাতের অন্ধকারে নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









