চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে আজ নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। স্ক্যানারে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও ছিলেন। অবশেষে তাঁকেও খড়দহ থানার পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু নির্মল ও সঞ্জীব ছাড়াও তিলোত্তমার বাবা সোমনাথ দের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন। বর্তমানে যার খোঁজ চলছে।

জানা গিয়েছে, তিলোত্তমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরেই সঞ্জীবের বাড়ি। তবে, প্রথমে তাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিচারিকার দাবি, গত তিন-চার দিন ধরে বাড়িতে নেই সঞ্জীববাবু। কাজের সূত্রে বাইরে গিয়েছেন বলে জানিয়েছেন। পরে যোগাযোগ করা হলে সঞ্জীব জানিয়েছিলেন, কাজের সূত্রে বাইরে রয়েছেন। খুব শীঘ্রই ফিরবেন। তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। তদন্তের কাজে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। ঠিক তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করল।

জানা গিয়েছে, সঞ্জীব নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে পানিহাটি অম্বিকা মুখার্জী রোড সিআর পার্কে তাঁর বাড়ি থেকেই সঞ্জীবকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এখন সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত, তথ্যপ্রমাণ লোপাট, বাড়ির লোককে বিপথে পরিচালনা করা, তড়িঘড়ি দেহ সৎকার, জোর করে বাড়ি থেকে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মতো অভিযোগগুলি উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here









