অন্বেষা দেঃ কলকাতাঃ অফিসপাড়া মানেই সল্টলেক সেক্টর ফাইভ। আর সেখানেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে প্রতারণার কারবার চলছিল। যা কার্যত কেউ ধরতে পারেননি। পরে তদন্ত শুরু হতেই আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস হয়। এই ঘটনায় ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার হয়।

সূত্রের খবর, বিভিন্ন কোম্পানীর গিফট কার্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করা হত। দেশের নাগরিকরা সহ বিদেশীরাও এই চক্রান্তের শিকার হয়েছেন। বিধাননগর থানা এই প্রতারণার খবর পেতেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে লাগাতার তল্লাশি অভিযান শুরু করে। তখনই মোট চোদ্দ জনকে গ্রেফতার করা হয়। মূলত গুজরাট সহ উত্তর-পূর্ব ভারতের যুবক-যুবতীরাই এই কল সেন্টারে কাজ করতেন। আজ অভিযুক্তদের বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এছাড়া পুলিশ নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে যাতে এই আন্তর্জাতিক চক্রের সাথে কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে পারে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, প্রতারণার টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হত।










