নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ যেসব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, আগামী ডিসেম্বরেই সেখানে পুরভোট হতে পারে। মঙ্গলবার এ কথা জানালেন রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে পুরভোট নিয়ে এই ইঙ্গিত দেন অগ্নিমিত্রা। পাশাপাশি, তিনি আক্রমণ করেন রাজ্যে পালাবদলের পরে পদত্যাগ করা তৃণমূলের পুরপ্রধানদের। মন্ত্রী বলেন, ‘বর্ষার মুখে মানুষকে বিপদে ফেলে রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের পুরপ্রধানেরা চেয়ার ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমরা আপাতত পুরপ্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

প্রশাসনিক সূত্রে খবর, পুজোর মরশুমের পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করানোর জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে বিধানসভায় পেশ হতে চলেছে কলকাতা ও হাওড়া পুর-ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) বিল। কলকাতা-সহ বাকি পুরনিগমগুলিতে ভোট মিটতেই অন্য সমস্ত পুরসভায় ভোট নিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুরবোর্ড গড়ার প্রক্রিয়া শেষ করার কথা। মেয়র পদে তৃণমূল ফিরহাদ হাকিম (ববি) ইস্তফা দেওয়ার পরে কলকাতা পুরসভায় এখন প্রশাসক বসানো হয়েছে। আর হাওড়ায় শেষ বার পুরভোট হয়েছিল ২০১৩ সালে। সেখানে নির্বাচিত পুরবোর্ড নেই প্রায় ৮ বছর। এ বার সীমানা পুনর্বিন্যাস করে নতুন ওয়ার্ড-সংখ্যার ভিত্তিতে পুরভোট করতে চায় রাজ্য। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক নিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘বিগত সরকারের আমলে শুধুমাত্র পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদই নয়, রাজ্যের সমস্ত দফতরই কার্যত নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। থমকে গিয়েছিল উন্নয়নের কাজ। রাজ্যে পালাবদলের পর সেই সব দপ্তরকে সক্রিয় করার কাজ চলছে।’
Sponsored Ads
Display Your Ads Here









