নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গে ক্রমেই বৃষ্টি হয়ে চলেছে। এর জেরে কার্যত জলমগ্ন একাধিক এলাকা। ভুটান পাহাড় এবং ডুয়ার্সে বিকেল থেকে টানা বৃষ্টির জেরে বানারহাট এলাকায় দ্রুত জলস্তর বাড়তে শুরু করেছে। হাতিনালার জল উপচে ঢুকে পড়েছে বানারহাট বাজারে। এর ফলে বাজার-সহ সংলগ্ন একাধিক এলাকায় জল জমে দুর্ভোগের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

হাতিনালা সহ আংরাভাসা নদীতেও জল বৃদ্ধি পাচ্ছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জ্যোতির্ময় কলোনি এলাকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন। অনেকেই নদীর পাড়ে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছেছেন বিন্দাগুড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। নদী ও নালার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

একটানা বৃষ্টি অব্যাহত থাকলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে উল্লেখ্য, গত সপ্তাহ থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। লাগাতার বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো নদীগুলিতে জলস্তর বাড়ছে। এর আগে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাটে জল উপচে উঠে গিয়েছিল। আর এবার ভুটান পাহাড়ে ক্রমেই জল বেড়েই চলেছে
Sponsored Ads
Display Your Ads Here









