মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সহকর্মী মহিলা সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিবর্তনের ছবি গোপনে তুলে তাঁকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। হাবরা থানার এই ঘটনায় অভিযুক্ত বুধবার আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অমিত ভদ্র। এ দিন ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে, নেওয়া হয়েছে তাঁর গোপন জবানবন্দিও।
অভিযোগকারিণীর দাবি, ডিউটির সময়ে তাঁর পোশাক পরিবর্তনের ছবি গোপনে তুলেছিলেন অমিত। সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। তাঁর দাবি, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ২০২৪ থেকে তাঁকে একাধিক বার এ ভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু সামাজিক অসম্মান, সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি এত দিন মুখ খুলতে পারেননি। শেষে মানসিক জোরে প্রতিবাদের সিদ্ধান্ত নেন। সপ্তাহখানেক আগে হাবরা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এর পরেই গা–ঢাকা দেন অমিত।তল্লাশিতে তাঁর খোঁজ পাওয়া না–গেলেও বুধবার তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। অভিযোগের ভিত্তিতে তাঁর মোবাইল ফোন, ডিজিটাল তথ্যপ্রমাণ ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সিভিক ভলেন্টিয়ার পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখাতেন অমিত। থানার অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে নানা সময়ে অনেককে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, এক সময়ে এলাকার তৃণমূল কংগ্রেস সংগঠনের কাছাকাছি ছিলেন অমিত। রাজ্যে সরকার বদলের পরে ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের পরে সাহস সঞ্চয় করে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী। বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, ‘অভিযুক্ত সিভিক ভলান্টিয়াকে এক মাস আগেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here









