নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ সকালে পূর্ব বর্ধমানের গলসিতে দিল্লি-কলকাতা ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু আহত হয়েছেন। আঘাত পেয়েছেন তাঁর গাড়ির চালক মঙ্গল মুর্মুও।

স্থানীয় সূত্রের খবর, মালতি টুডু গাড়িতে চেপে বর্ধমান থেকে বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। কিন্তু গলসির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে সুরুল এলাকায় একটি ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি ভ্যানে ধাক্কা মারে। এরপরে ট্রাকটি মন্ত্রীর স্ত্রীয়ের গাড়িতেও ধাক্কা মারে। সেই সময়ে কোনওরকমে ব্রেক কষে গাড়িটিকে নিয়ন্ত্রণ করেন গাড়ির চালক মঙ্গল মুর্মু। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। আহত অবস্থায় ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু এবং গাড়ির চালক মঙ্গল মুর্মুকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালতি টুডুর মাথায় এবং বাঁ হাতে চোট লেগেছে। ইতিমধ্যেই মালতির সিটি স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির চালক মঙ্গল মুর্মুর হাতে চোট লেগেছে বলেও জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চালক কার্তিক হাজরাও। তিনিও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসার পরে মালতিকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রসঙ্গে মালতি টুডু জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে তাঁদের গাড়ির সামনে অন্য কোনও গাড়ি ছিল না। সেই কারণে কোনওরকমে ব্রেক কষে চালক বড় বিপত্তি সামলাতে পেরেছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









