ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ ইউক্রেনের ওডেসা বন্দরে একটি শস্যবাহী কার্গো বা মালবাহী জাহাজে ভয়াবহ হামলা। ঘটনাটি ঘটে ৪ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আরও ১ জন গুরুতর আহত হয়েছেন। ভারত সরকার এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বাণিজ্যিক জাহাজে এই ধরনের হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়’ বলে আখ্যায়িত করেছে।

ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ১৯ শে জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাযুক্ত ‘এমভি গোল্ডেন লিও’ নামের একটি শস্যবাহী জাহাজ ওডেসা বন্দর থেকে রওনা দেয়। যাত্রা শুরুর পরপরেই হামলার মুখে পড়ে জাহাজটি। এই জাহাজে মোট ১৭ জন ক্রু বা কর্মী ছিলেন, যাদের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয় নাগরিক। হামলার ফলে ৪ জন ভারতীয় ঘটনাস্থলেই মারা যান এবং ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা মৃত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত ভারতীয় কর্মীর দ্রুত আরোগ্য কামনা করছি।’ কৃষ্ণসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে লড়াইয়ের তীব্রতা বাড়ার পর থেকে ভারতীয় নাবিকদের উপরে হওয়া অন্যতম মর্মান্তিক হামলা এটি। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সাধারণ ক্রুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা।
Sponsored Ads
Display Your Ads Here









