অন্বেষা দেঃ কলকাতাঃ অবশেষে শেষের পথে চিংড়িঘাটায় বকেয়া থাকা মেট্রোর কাজ। দীর্ঘ আড়াই বছর ধরে তৃণমূল জমানায় আটকে থাকা চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার বসানোর কাজ শেষ হতে চলেছে মাত্র আড়াই মাসে। শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে ৩২৬ নম্বর পিলার থেকে ৩২৭ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ চলছে। এরপরই তা জুড়ে দেওয়া হবে নির্মিত গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে।

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে মেট্রো তরফে জানানো হয়েছে। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার পরই ট্র্যাক বা লাইন পেতে দেওয়া, সিগন্যালিং ব্যবস্থা তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

পুজোর আগে এই কাজগুলো শেষ করে, গোটা নভেম্বর মাসে ট্রায়াল রান চলবে। এর পরই ডিসেম্বর মাস থেকে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা হবে বলে মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোপরিষেবা চলাচল করছে। যা প্রায় ৯.৬ কিমি পথ অতিক্রম করে। চিংড়িঘাটায় বকে থাকা কাজ শেষ হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার মেট্রো স্টেশন জুড়ে যাবে। তাতে যে দক্ষিণ কলকাতা সহ বিস্তৃর্ণ এলাকার হাজার হাজার অফিস যাত্রীদের সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।
Sponsored Ads
Display Your Ads Here









