নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ ডে-কেয়ারে চরম নির্যাতনের শিকার শিশুরা। বেঙ্গালুরুতে ক্যাপজেমিনির ক্যাম্পাসে যে ডে-কেয়ার রয়েছে, সেখানেই খুদে শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠল সেখানকার কর্মী-পরিচারিকাদের বিরুদ্ধে। ভয়ঙ্কর সেই অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আর যে ব্যক্তি শিশুদের উপরে অত্যাচারের কথা ফাঁস করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন, তাকেই সংস্থা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

মূলত আইটি কোম্পানীতে কর্মরত মহিলাদের সন্তানরাই এই ডে-কেয়ারে থাকে। কিন্তু দেখভালের বদলে ওই শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কর্নাটক পুলিশ। যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে যে কেয়ার-গিভাররা দুই-তিন বছরের শিশুদের উপরে চরম নির্যাতন করছেন। এক খুদে শিশুকে টয়লেটের মধ্যে আটকে রাখা হয়েছে। আবার এক শিশু কাঁদছে বলে তার কান্না থামাতে মুখে জেট স্প্রে দিয়ে জল দিয়ে দিচ্ছেন পরিচারিকা। এমনকি, এক শিশুকে ওয়াশিং মেশিনের ভিতরেও ভরে রাখা হয়েছিল। বাচ্চাদের জোর করে কমোডে বসানো হত। কথা না মানলে তাদের শাস্তিও দেওয়া হত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাইল্ড হেল্পলাইনের আধিকারিকদের কাছে চারটি ভিডিয়ো আসার পরই তারা কর্তৃপক্ষকে জানান। ওই ফুটেজ রেকর্ড করেছিলেন সংস্থার একজন স্টাফ। গত মাসে তাঁর এক বন্ধুকে ওই ডে-কেয়ার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিশুদের উপরে নির্যাতনের কথা জানানোর ‘অপরাধে’ই তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁর বন্ধু প্রমাণ সহ অত্যাচারের ঘটনা সামনে আনেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত পাঁচজন ন্যানি বা পরিচারিকার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছে। তাদের জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন) অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ ডে-কেয়ারে থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলবে।
Sponsored Ads
Display Your Ads Here









