নিজস্ব সংবাদদাতাঃ রাতে তুমুল বৃষ্টির জেরে গোটা উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগে ভাঙল দুধিয়ার সেতুও। যার জেরে আপাতত বন্ধ শিলিগুড়ি-মিরিক যান চলাচল। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পাহাড় ও শিলিগুড়িতে ভারী বৃষ্টি নামে। রাত সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টি চলে। যার জেরে পাহাড়ের একাধিক নদীর জলস্তর বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। জল বেড়েছে বালাসন নদীতেও। তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়ার নবনির্মিত হিমপাইপের সেতু। যার ফলে ওই সেতু দিয়ে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। এখন মিরিকের বাসিন্দাদের ঘুরপথে ঘুম হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে হবে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাতে আড়াই ঘণ্টায় মিরিকে ৬৩ মিলিমিটার এবং কার্শিয়াংয়ে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বিপুল জলরাশি বালাসন হয়ে নামার জেরেই দুধিয়ার ডাইভারশনটি ভেঙে গিয়েছে। শিলিগুড়িতে একই সময়ে বৃষ্টি হয় ২৪৬ মিলিমিটার। ফলে শিলিগুড়িতে মহানন্দা-সহ সব ছোট-বড় নদীতে জলোচ্ছ্বাস হয়েছে। মহানন্দায় বিপদসীমার সামান্য নীচ দিয়ে জল বইছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নদীর স্রোতের বেগ কমলে দুধিয়ার ডাইভারশন মেরামতিতে ফের হাত দেওয়া হবে।










