নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার গয়েশপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মহিলার মৃত্যু হয়। মৃতের নাম বকুল সরকার। বয়স ৫০ বছর। বাড়ি গয়েশপুর পুরসভায় চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপল্ল এলাকায়এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার ভোরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। সেই সময়ে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কোনও কারণে বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই গুরুতর আহত হন ওই মহিলা। কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বাঁশ দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। পরে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় তা তদন্ত করে দেখছে পুলিশ। বাড়ির কোথায় বিদ্যুতের লিকেজ ছিল, না অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বলরামপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। মৃতের নাম অর্ঘ্য রুইদাস (১৩)। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অর্ঘ্য। খেলার সময়েই বজ্রপাত হয়। মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here









