নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ দু’টি পৃথক ঘটনায় বাজ পড়ে মুর্শিদাবাদ জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হয়েছে বড়ঞা থানার সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষ (৩৬)-এর। বাড়ি বড়ঞা থানার শাবলপুর গ্রামে। এ দিন বিকেলে ঝড়-বৃষ্টির সময়ে শাবলপুর পঞ্চায়েত কার্যালয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে বাজ পড়লে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ওই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলা থানার রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ হচ্ছিল। সেই কাজ চলাকালীন আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। কর্মরত শ্রমিকদের সাত জন স্থানীয় আম বাগানে আশ্রয় নিয়েছিলেন।

সেই সময়ে ওই গাছের নীচে বাজ পড়লে পাঁচ জন শ্রমিক জখম হন। তাঁদের উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ (২২)। মৃত ও আহতরা সকলেই সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের বাসিন্দা। লালবাগ মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









