রায়া দাসঃ কলকাতাঃ বুধবার পরিবহণমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের পরিবহণ ব্যবস্থায় গতি আনতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ করার কথা ঘোষণা করলেন অর্জুন সিং। অর্জুন সিংয়ের স্পষ্ট বার্তা, ‘‘গোটা দপ্তরের চেহারা পাল্টে ফেলা হবে। আর রাস্তায় সরকারী বাসের সংখ্যা বাড়ানো ও দূষণ কমানোর উদ্দেশ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস বা ই-বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিগত তৃণমূল সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম এবং অব্যবস্থার অভিযোগ তুলে এদিন নতুন পরিবহণমন্ত্রী সরব হন। অর্জুন সিংয়ের কথায়, ‘‘আগের সরকারের আমলে রাস্তায় সরকারী বাস প্রায় চোখেই পড়ত না। ভোটের প্রচারে গিয়ে এই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে।’’ এই পরিস্থিতিতে প্রধান লক্ষ্য, যেসব রুটে সরকারী বাস বন্ধ হয়ে গিয়েছে বা ধুঁকছে, সেগুলিকে চিহ্নিত করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে হবে। এছাড়া একাধিক বাস ডিপোর জমি বিক্রি করে দেওয়ার যে গুরুতর অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তদন্তেরও ইঙ্গিত দিয়েছেন।

তৃণমূল সরকারের আমলে সরকারী বাসের চাকা কার্যত না ঘোরার পিছনে মূলত পরিবহণ দপ্তরের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়মের দিকে আঙুল তুলেছেন। পরিবহণ দপ্তরের কর্মীদের একাংশের কর্মসংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্জুন সিং জানান, ‘‘ডিপোগুলিতে তেল চুরি হওয়া এবং বাস না চালানোর মতো একাধিক সমস্যা রয়েছে। এসব রুখতে কড়া নজরদারি চালানো হবে। পাশাপাশি, কয়েকটি রুটে টোটোর দৌরাত্ম্য ও অটোরিকশার লাগামহীন ভাড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তারও স্থায়ী সমাধান করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
দীর্ঘদিন ধরে বেসরকারী বাস মালিকদের সংগঠনগুলি ভাড়া না বাড়ানো সহ পুলিশী জুলুম থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ তুলে অর্জুন সিং বলেন, ‘‘ওই সব সমস্যার সমাধানে খুব তাড়াতাড়ি বেসরকারী বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হবে। পরিবহণ দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে জানালেন, ‘‘রাজ্যের মহিলারা যেন সরকারী বাসে নিরাপদে ও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান, তার জন্য যা যা করার সবই করা হচ্ছে। যেসব এলাকায় সরকারী বাস পরিষেবা পর্যাপ্ত নয়, সেখানে বিশেষ জোর দেওয়া হবে।’’ অন্যদিকে, জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকায় সেই সময়কার প্রশাসনিক কাজের অভিজ্ঞতাকে সম্বল করে পরিবহণ দপ্তরের সমস্যা এবং বিশৃঙ্খলা দূর করতে কাজ করবেন।’’










