রায়া দাসঃ কলকাতাঃ ওবিসি সংরক্ষণ নিয়ে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য মন্ত্রীসভা। বাতিল করে দেওয়া হলো আগের সরকারের নীতি। ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে করা হলো ৭ শতাংশ। মঙ্গলবার রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে ৬৬টি জাতি বা শ্রেণি উচ্চশিক্ষায় ভর্তি এবং রাজ্য সরকারের অধীনস্থ চাকরিতে ৭ শতাংশ সরক্ষণের সুবিধা পাবেন।

আগে ওবিসি ‘এ’ ক্যাটাগরিতে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হতো। আর ওবিসি ‘বি’ ক্যাটেগরিতে মিলত ৭ শতাংশ সংরক্ষণ। এই ভাগ আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সব মিলিয়ে একটাই সংরক্ষণ দিতে হবে। ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলও করে দেওয়া হয়েছিল। এই নিয়ে পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। হাই কোর্টের সেই রায়কে মান্যতা দিয়েই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমে ৭ শতাংশ করা হচ্ছে।

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, তফসিলি জাতি (SC) এবং উপজাতির (ST) বাইরে থাকা প্রকৃত অনগ্রসররাই এই সুবিধা পাবেন। এর জন্য ৬৬টি জাতি বা শ্রেণির সম্পূর্ণ তালিকাও প্রকাশ করা হয়েছে। সরকারী চাকরী এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অবিলম্বে এই নিয়ম কার্যকর হচ্ছে। নতুন বিজ্ঞপ্তিতে ৬৬টি জাতির মধ্যে কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিতের মতো জাতির পাশাপাশি জোলা (আনসারি-মোমিন), ফকির, হাওয়ারি বা ধোবি, কসাই, নস্য-শেখ, পাহড়িয়া মুসলিম, হাজ্জামের মতো সম্প্রদায়রাও জায়গা পেয়েছে। সংরক্ষণের আইনি অধিকার সুরক্ষিত করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে আইনি এবং প্রশাসনিক মহল।
Sponsored Ads
Display Your Ads Here










