নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের মুড়গ্রাম-গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটুন্দীডাঙা গ্রামে। ডায়ারিয়ায় আক্রান্ত শতাধিক গ্রামবাসী। পুজোর প্রসাদ খেয়েই ডায়ারিয়া বলি বলে সন্দেহ এলাকাবাসীদের। ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে এক দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম মৌসুমী হাজরা (১৭)। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মেডিক্যাল টিম পাঠানো হয়েছে গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ছুটছেন। সোমবার রাত থেকে অনেকেই ভর্তি হচ্ছেন কাটোয়া হাসপাতাল, কেতুগ্রামের কান্দরা স্বাস্থ্যকেন্দ্রে, কেতুগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে। সকাল থেকে বহু মানুষকে স্থানান্তরিত করা হচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতালে। অসুস্থ অবস্থায় মৌসুমীকে কাটোয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভোটের ঠিক আগের দিন এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে তৎপরতা শুরু হয়েছে। পানীয় জলের উৎস এবং খাবারের গুণগত মান খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে এবং আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও ওআরএস দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জানা গিয়েছে, গত শনিবার গ্রাম্য দেবী সনাতুনী মায়ের পুজো ছিল। গ্রামের মানুষজনদের আশঙ্কা, প্রসাদ খাওয়ার পরে থেকেই সেই রাত্রেই একে একে অসুস্থ পড়েন। এক গ্রামবাসী বলেন, ‘আমাদের গ্রামে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। প্রসাদ থেকে বিষক্রিয়া ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।’
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ‘‘রবিবার সকালে ৩৯ জনের মধ্যে ডায়রিয়া উপসর্গ দেখা গিয়েছে। আমাদের টিম এলাকায় পৌঁছে যা যা করণীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে। সোমবার ৪৫ জন আরও আক্রান্ত হয়েছেন। কালও আমাদের স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন। আজ আরও ১২ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। আজ ব্লক থেকে ও জেলা থেকে টিম পাঠানো হয়েছে। তারা সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে।’’











