নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন দিকে দিকে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। কোথাও ইভিএমে ত্রুটি, কোথাও ভোটগ্রহণে দেরীর মতো ঘটনা প্রকাশ্যে আসছে। এরই মধ্যে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোদাপাড়া ১৮৬ নম্বর বুথে ভোটের কারচুপির অভিযোগ উঠলো। অভিযোগ, ‘‘ওই বুথে কোনো প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে বিজেপি প্রার্থীর প্রতীকে পড়ছে।’’ এরপর ওই বুথে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। কিন্তু বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ এই অভিযোগ প্রসঙ্গে জানান, ‘‘নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এই ধরণের ঘটনা অসম্ভব। তবুও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদিও এখন সেখানে ভোটদান স্বাভাবিক আছে।’’

ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘‘এই বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিনের চার নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নাম ও ছবি রয়েছে। আজ সকালে আমরা অভিযোগ পাই, ভোটাররা যেকোনো দলের প্রার্থীকে ভোট দিলেই সেটি বিজেপি প্রার্থীর প্রতীকে জমা হচ্ছে। সকালবেলা বুথে ভোট শুরুর আগে যখন ইভিএম মেশিন পরীক্ষা করা হয়, তখন মেশিন এবং ভিভিপ্যাট সঠিক ভাবে কাজ করেছিল। তবে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই একাধিক ভোটার ওই বুথ থেকে বেরিয়ে এসে বলেন, ‘যে প্রতীকেই বোতাম টিপছেন তা গিয়ে বিজেপি প্রার্থীর খাতায় পড়ছে। নিজের নামের পাশে থাকা বোতামে টিপলেও ভিভিপ্যাট থেকে বার হওয়া স্লিপে দেখাচ্ছে ভোটটি বিজেপি প্রার্থীর পক্ষে পড়েছে।’ আমাদের ধারণা, বড়ো কোনো চক্রান্ত রয়েছে।’’

এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকার তৃণমূল কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এরপর ভোটাররা বিক্ষোভ দেখাতে শুরু করলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। তারপর নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে ইভিএম মেশিন, ভিপিপ্যাট পরীক্ষা করে দেখেন। প্রসঙ্গত, চলতি বছর বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রতীকে সুখেন কুমার বাগদী দাঁড়িয়েছেন। সুখেন কুমার বাগদী এই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবী করেন, ‘‘হার নিশ্চিত বুঝতে পেরেই প্রতিমা রজক এরকম ভুলভাল বকছেন। ওখানে তিনি অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন, নির্বাচন কমিশন তৎপর হয়ে ওঁর সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে। যেকোনো বোতাম টিপে বিজেপিতে ভোট যাবার দাবী হাস্যকর।’’
Sponsored Ads
Display Your Ads Here










