নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম মেডিকেল কলেজে রোগী দেখাশোনার দায়িত্বে থাকা এক কর্মীর দেহ শহরের মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা থেকে উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। উদ্ধারের পর মৃতের শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগও পাওয়া যায়। মৃতের নাম নেপাল শ্যামল। বয়স ৫০ বছর। বাড়ি শহরের নৃপেন পল্লীতে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী দেখাশোনার কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরবেলা থেকে নেপালবাবু নিখোঁজ ছিলেন। রাতেরবেলাও বাড়ি না ফেরায় পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করা হয়। এদিন সকালবেলা এলাকাবাসীরা শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় নেপালবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে নেপালবাবুর পরিবার পরিকল্পিত ভাবে খুনের অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবীতে পুলিশকে দেহ তুলতে বাধা দেন। তবে পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে সমগ্র ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।











