অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভূমিকম্পের জেরে মধ্য কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউ লাগোয়া ৩৪এ মেটকাফ স্ট্রিটের একটি বহুতল হেলে গিয়েছে বলে স্থানীয়দের একাংশ দাবী করেছেন। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে বহুতলের বাসিন্দা সহ এলাকাবাসীদের অন্য একটি অংশের দাবী, দীর্ঘদিন ধরেই বাড়িটি একই অবস্থায় রয়েছে। হেলে পড়ার বিষয়টি রীতিমতো উড়িয়ে দেন। তবে ভূমিকম্পের কারণে লেকটাউনের একটি কাপড়ের দোকানে ফাটল ধরে যায়।

প্রসঙ্গত, এদিন দুপুরবেলা ১টা ২২ মিনিটে কলকাতা সহ বিভিন্ন জেলা কেঁপে ওঠে। ভূকম্পনের মাত্রা ৫.৫ ছিল। আর ভারতের ভূকম্পবিজ্ঞান কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। যা কলকাতা থেকে একশো কিলোমিটারের মধ্যে অবস্থিত ছিল। এই ভূকম্পনের ফলে হাইকোর্ট থেকে শুরু করে সল্টলেক সেক্টর ফাইভ সব জায়গায় আতঙ্কে শোরগোল পড়ে যায়। অনেকে বাড়ি-অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান। পথচলতি মানুষও ভূকম্পন অনুভব করেছেন। যদিও মেটকাফ স্ট্রিটের ওই বহুতলে কোথাও কোনো ক্ষয়-ক্ষতি না হওয়ায় কিছুক্ষণ পর দমকলকর্মীরা ঘটনাস্থল ছাড়েন।










