নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের একটি সরকারী স্কুলে মিড ডে মিল খেয়ে ৭০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। এদের মধ্যে এক জন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যালয় সূত্রে খবর, মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পর কয়েক জন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে। তাদের মধ্যে কেউ বমি করছিল আবার কারোর পেটে যন্ত্রণা শুরু হয়। এরপর বিভিন্ন ক্লাস থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা খবর পাওয়া মাত্র বিদ্যালয়ে ছুটে আসেন।

তারপর পড়ুয়াদের অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামবাসীরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। একসাথে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানান। অভিভাবকদের সন্দেহ, খাবারে টিকটিকি পড়েছিল। যার বিষক্রিয়ায় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই খাবার সরবরাহ করেছিল। ইতিমধ্যে অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পড়ুয়াদের সাথে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলে পড়ুয়াদের অবস্থার কথা জানতে চান। সেই সাথে জানাব, ‘‘সব পড়ুয়ার ঠিক মতো চিকিৎসা চলছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে। মিড ডে মিলের খাবার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’










