নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মোথাবাড়ি কাণ্ডে প্রশাসন আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে। আর এদিনই ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। বর্তমানে মোথাবাড়ি সহ কালিয়াচক এলাকায় থমথমে পরিস্থিতি।

গতকাল মালদার কালিয়াচক দু’নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। বিডিও অফিস ঘেরাও করে জুডিশিয়াল অফিসার তথা আট জন বিচারককে আটকে রাখার অভিযোগও ওঠে। ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে গেলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

বিক্ষোভকারীদের তরফে অভিযোগ ওঠে, “কেন্দ্রীয় বাহিনীর গাড়ি বিক্ষোভরত মানুষের উপর চালিয়ে দেওয়া হয়। এতে একাধিক সাধারণ মানুষ গুরুতর আহত হন।” এরপরই রাতভর পুলিশ অভিযান চালায়। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট আঠেরো জনকে গ্রেফতার করা হয়। তবে শাহজাহান আলি কাদরির দাবী, “তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে জলসায় ছিলেন।” আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদনও জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here










