নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নবদ্বীপে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে ১ জন ব্যক্তি গ্রেফতার হলেন। অভিযুক্ত হলেন অসীম নাথ নামে এক জন ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গতকাল নবদ্বীপ ব্লক অফিস সংলগ্ন বিএলআরও দপ্তরে মিউটেশন হিয়ারিং চলছিল। তখন অসীম ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশন সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায়, জমা দেওয়া ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট দু’টি জাল।

বিএলআরও অফিস সূত্রে খবর, যে সম্পত্তির জন্য মিউটেশন আবেদন করা হয়েছিল তার নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপালিটি। অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নাম করে জাল ডেথ সার্টিফিকেট এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরী করেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। অভিযুক্ত অসীম নাথ দাবী করেছেন, “তিনি দু’লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলি তৈরী করিয়েছেন।”
Sponsored Ads
Display Your Ads Here









