অন্বেষা দেঃ কলকাতাঃ সম্প্রতি একাধিক বিদ্যালয়ে ‘পিএম পোষন’ প্রকল্প তথা মিড ডে মিল বন্ধ হওয়ার অভিযোগ সামনে এসেছে। দিনের পর দিন রান্না হচ্ছে না, এমন ছবিও তুলে ধরা হয়েছে। অভিযোগ উঠেছে, দিনের পর দিন ফান্ড বা বরাদ্দ টাকা না আসায় রান্না বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্কুল। এই আবহে এবার মিড ডে মিল নিয়ে বড় নির্দেশিকা দিল রাজ্য সরকার।

‘পিএম পোষন’ প্রকল্পের রান্না যাতে বন্ধ না হয়, মঙ্গলবার সেই নির্দেশ দেওয়া হল স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে। তবে মিড ডে মিলের পোর্টালে যে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে, তা স্বীকার করল রাজ্য সরকার। পোর্টাল ঠিক করার কাজ চালাচ্ছে অর্থ দফতর। দ্রুত সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে নির্দেশিকায়। স্কুলশিক্ষা দফতরের হাতে তহবিলের কোনও ঘাটতি নেই, সে কথা স্পষ্ট জানিয়েছে সরকার। পোর্টালের সমস্যা না মেটা পর্যন্ত প্রকল্প চালিয়ে যেতে হবে, নির্দেশ দেওয়া হল সব জেলাশাসক, শিলিগুড়ির মহকুমা শাসক, GTA-র শিক্ষা বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা ও কলকাতার প্রাথমিক স্কুল পরিষদের চেয়ারম্যানকে।










