অন্বেষা দেঃ কলকাতাঃ সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI)-এর দরজা বন্ধ হয়ে গেল আপাতত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জেরে দফায় দফায় শিরোনামে এসেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপাতত সেখানে বন্ধই আছে পঠন-পাঠন। বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার কথা জানানো হল।

অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও সংঘর্ষের ছবি ফেলে ক্যাম্পাসে। এমনকী পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত ক্যাম্পাস। পুজোর সময় দেখা যায়, মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকছে বিশাল পুলিশ বাহিনী। আর এবার বন্ধ করে দেওয়া হল ক্যাম্পাস। বলা হয়েছে, স্থিতাবস্থা ফিরলে আবার চালু করা হবে ক্যাম্পাস।

কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। অন্যদিকে, ছাত্রদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই সংঘাতের জেরেই এবার বন্ধ করে দেওয়া হল ক্যাম্পাস। বিজেপি এই বিষয়ে মন্তব্য করতে চাননি। বিজেপি নেতা দেবজিৎ সরকারের বক্তব্য, এ ব্যাপারে পুরো সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। দলের কোনও মন্তব্য নেই। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, “এটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ যদি মনে করে তারা প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ, তাহলে তাঁরা পদত্যাগ করুন। প্রয়োজন হলে কেন্দ্র নতুন লোক নিয়োগ করুক।”
Sponsored Ads
Display Your Ads Here









