নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গ্রেউটার নয়ডার ইকোটেক-৩ (Ecotech-3) শিল্পাঞ্চলে একটি ইলেকট্রনিক চিপ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই দমকলকর্মী। আগুন নেভানোর সময়ে কারখানার একটি দেওয়াল ও লোহার বিম ভেঙে পড়ায় পাঁচজন দমকলকর্মী চাপা পড়েন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৩টা নাগাদ গ্রেটার নয়ডার ইকোটেক-৩ এলাকায় অবস্থিত ILGIM নামে একটি সংস্থার প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) চিপ উৎপাদনকারী কারখানায় আগুন লাগে। খবর পেয়ে অন্তত ছয়টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসার পরে আচমকাই কারখানার একটি পাশের দেওয়াল এবং ভারী লোহার বিম ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন পাঁচজন দমকলকর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিরথপাল সিংহ (চিফ কনস্টেবল-ড্রাইভার) এবং রোহিত যাদব (ফায়ারম্যান)-কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত তিনজন হলেন রাজপাল সিংহ, মণীশ কুমার এবং অমিত কুমার। পুলিশ জানিয়েছে, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনার পরে পুলিশ, দমকল বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। কারখানার ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট, রাসায়নিক পদার্থ বা উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই মর্মান্তিক ঘটনায় দমকল বিভাগের দুই কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকাজ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রয়োজনে কারখানার নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখা হবে।









