নিজস্ব সংবাদদাতাঃ ‘সেবা সেতু’ ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ না হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবার বারাসতের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। আবার হুগলির পোলবায় ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। কোচবিহারে ক্যাম্প বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পথে নােমে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে নরমে-গরমে অবরোধ তুলে দেওয়া হয়।

এদিন থেকে কলকাতার ১৬টি বোরো এবং রাজ্যের সমস্ত ব্লকে জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’ শুরু করেছে রাজ্য সরকার। তিন দিনের ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা, জয় জোহার, পিএম কিষাণ ক্রেডিট কার্ড-সহ প্রায় ২০টি প্রকল্পের সুবিধা মিলছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। বারাসতের কর্মতীর্থে সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ না হওয়ার অভিযোগ তুলে টাকি রোড অবরোধ করেন মহিলারা। তাঁদের দাবি, কেউ এক মাস, কেউ আরও বেশি সময় ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। তাই ক্যাম্পে এসেছিলেন। কিন্তু সেখানেও সমস্যার সমাধান হয়নি। পরে বারাসতের পুরপ্রশাসক রাজা ভৌমিক আশ্বাসের সুরে বলেন, ‘হয়তো সবাই পাননি। তবে খেপে খেপে পেয়ে যাবেন।’

আবার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে লাইন দিয়েছিলেন বহু মহিলা। অভিযোগ, পরে প্রশাসনের তরফে জানানো হয়, ক্যাম্পে অন্নপূর্ণা এবং আয়ুষ্মান ভারত সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে না। এই পরেই পরস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের অভিযোগ, আগে থেকে বিষয়টি জানানো হলে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতেন না। উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরেও একই পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ক্ষুব্ধ কয়েক জন মহিলা শিবিরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলির পোলবা-দাদপুর ব্লক অফিসে চেয়ার-টেবিল উল্টে, ব্যানার ছিড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। তাঁদের অভিযোগ, অনেকেই অন্নপূর্ণার সুবিধা পাচ্ছেন, অথচ যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা বঞ্চিত। অবরোধের জেরে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। যাত্রীবাহী বাস থেকে পণ্যবাহী গাড়ি—দীর্ঘক্ষণ আটকে থাকে। পরে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁকুড়ার রানিবাঁধেও অন্নপূর্ণা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। বিডিওর সঙ্গে দেখা করেও সমস্যা মেটেনি অভিযোগ তুলে ব্লক মোড়ে জড়ো হন। তার পরে বাঁকুড়া-ঝিলিমিলি রাজ্য সড়কে বসে পড়েন তাঁরা। পরে রানীবাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

কোচবিহারের মহিলাদের অভিযোগ, চার মাস ধরে তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। একাধিক জায়গায় যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি। এদিন শিবিরে গিয়েও কাজ না হওয়ায় রবীন্দ্র ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কয়েক জন। গেট খুলে দেয় কোতোয়ালি থানার পুলিশ। সব মহিলারাই অন্নপূর্ণার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি। তিনি বলেন, ‘ভেরিফিকেশন পেন্ডিং থাকলে কাজ চলছে।’ হুগলির বিজেপি কর্মী সত্যজিৎ সরকারের দাবি, ‘শিবিরে অন্নপূর্ণার কাজ হওয়ার কথা ছিল না। সেই কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here









