নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আগামী ২৩ শে নভেম্বর রাসযাত্রা উপলক্ষ্যে গোটা নবদ্বীপ জুড়ে এখন সাজ সাজ রব। বিপুল ভক্ত সমাগম হবে। তার ঠিক আগে মঙ্গলবার শহরের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে অভিযান চালালেন ফুড সেফটি অফিসাররা। পচা খাবার রাখার অভিযোগে দু’টি রেস্তোরাঁকে সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নোটিস দেওয়া হয়েছে চারটি হোটেল এবং রেস্তোরাঁকেও।

এ দিন বেলা ১২টা নাগাদ মণিপুর মোড়ের ছ’টি হোটেলে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, পচা খাবার মজুত রাখার অভিযোগে দু’টি রেস্তোরাঁকে সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেন কৃষ্ণনগরের ফুড সেফটি অফিসাররা। বাজেয়াপ্ত করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ খাবারও। বাকি হোটেল ও রেস্তোরাঁগুলিকে সাত দিনের নোটিস দেওয়া হয়েছে। তার মধ্যে খাবারের গুণগত মান ঠিক করা ও অন্যান্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা।

খাদ্য সুরক্ষা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে একটি নামী রেস্তোরাঁর বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠানকেও নোটিস দেওয়া হয়েছে। আগামী দিনেও নবদ্বীপ জুড়ে এই ধরনের অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়েছেন আধিকারিরকরা। অভিযান শেষে ফুড সেফটি অফিসার তৃষা হাজরা বলেন, ‘পাঁচটি হোটেল ও রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়। পচা ও মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার হওয়ায় সেই অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।’ বন্ধ রাখার নির্দেশ পাওয়ার পরে রঞ্জিত সাহা নামে এক রেস্তোরাঁর মালিকের দাবি, মূলত পরিচ্ছন্নতা সংক্রান্ত আপত্তির কারণেই সাত দিন রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে তাঁর দাবি, কোনও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়নি। এমনকী, খাবার বা অন্য কোনও সামগ্রী বাজেয়াপ্তও করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here









