নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ ‘‘একসময় দিদির কাছে ঘেঁষতে দিতেন না, এখন দুঃসময়ে তাঁরাই দল ছেড়ে পালিয়েছেন।’’ এবার অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে নিশানা করে এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। একইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর আবেদন, দলে যেন আর তাঁদের ফিরিয়ে না নেওয়া হয়। অসিতের কটাক্ষ, যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বলতেন, তাঁদের অনেকেই এখন সরে গিয়েছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা নয়, বরং নিজেদের স্বার্থেই অনেকে দলে এসেছিলেন।

শ্রীরামপুরে হুগলি জেলা মমতা তৃণমূলের কনভেনার অসিত মজুমদার বলেন, “আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না। আজ তাঁরা বেইমানি করেছে। দিদিকে পিছন থেকে ছুরি মেরেছে।কেউ বেইমানদের মেনে নেবে না।” একসময় যাঁরা দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তাঁদেরই এখন আর পাশে পাওয়া যাচ্ছে না বলে দাবি অসিতের। তাঁর কথায়, “তাঁরা যেন আর ফিরে না আসে। তাঁরা হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। পারিবারিক কাজ করবে বলে চলে গিয়েছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আসেননি। সব ধান্দায় এসেছিল।”

দল ছেড়ে যাঁরা অন্য দলে যোগ দিয়েছেন, তাঁদের আর তৃণমূলে ফেরানো উচিত নয় বলেও মনে করেন অসিত মজুমদার। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তাঁর কথায়, “মমতা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই মমতা।”
Sponsored Ads
Display Your Ads Here









