রায়া দাসঃ কলকাতাঃ পুজোর মরশুমে শহর জুড়ে জোরকদমে চলছে থিমের লড়াই। বিভিন্ন পুজো কমিটি নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। তেমনই অভিনব ভাবনায় নজর কাড়তে চলেছে দমদম মল্ল পল্লির দুর্গাপুজো। চলতি বছর দমদমের এই পুজো পদার্পণ করল ৭৩তম বর্ষে। এ বছর তাদের থিম হলো ‘তন্তু নগর’, যা তৈরি হয়েছে নারকেল দড়ি দিয়ে।

মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে দড়ির এক মায়াবী জগৎ। এক কথায় দড়ি দিয়ে তৈরি হয়েছে আস্ত একটি শহর। সেই শহরে রয়েছে, পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে, বনেদি বাড়ি, বহুতল আবাসন সব কিছুই। মণ্ডপ শিল্পী পার্থ জোয়ারদার জানিয়েছেন, এই মণ্ডপ তৈরি করতে ৩ হাজার কেজিরও বেশি নারকেল দড়ি ব্যবহার করা হয়েছে।

পার্থ আরও বলেন, ‘আমার সঙ্গে কাজ করেছেন অন্তত ৩০জন কারিগর। আমরা অগস্ট থেকে কাজ শুরু করি। মণ্ডপের প্রতিটি অংশ তৈরি হয়েছে নারকেল দড়ি দিয়ে। বর্তমানে নারকেল দড়ির ব্যবহার প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই কারণেই অভিনব এই ভাবনা।’ মণ্ডপের ভিতরে পা রাখলেই দর্শনার্থীদের মনে হবে, তাঁরা যেন সত্যিই এক দড়ির শহরে এসে পৌঁছেছেন। মণ্ডপসজ্জা দড়ি দিয়ে হলেও দমদম মল্ল পল্লির প্রতিমা সাবেকি। প্রতিমা তৈরি করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল। পুজো কমিটির সদস্য শান্তনু সেনগুপ্ত বলেন, ‘চতুর্থীর দিন উদ্বোধন হবে আমাদের পুজোর। সে দিন থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ।’
Sponsored Ads
Display Your Ads Here









