নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নন্দীগ্রামে ভোট লুট হচ্ছে। এমন অভিযোগ করেছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। এইসবের মধ্যেই দেখা গেল নন্দীগ্রামের সুভানি চকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দেখা গেল একাংশ মহিলা ভোট না দিয়ে ফিরিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, বিজেপির লোকজন স্লিপ কেড়ে নিয়েছে।

ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ছড়াল সুভানি চক এলাকায়। অভিযোগ উঠেছে, একাধিক মহিলা ভোটার ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। উক্ত বুথ এলাকা থেকে আসা বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা অভিযোগ করেছেন যে, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। এরপর তাঁদের ভোট দিতে না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে তাঁরা দাবি করেন। এক মহিলা বলেন, “আমার স্লিপ নিয়ে নিয়েছে। বিজেপির লোকজন এই কাজ করছে। ভোট তাই দিতে পারিনি।” এদিকে, ভোটগ্রহণ চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের নির্বাচন এজেন্ট সুব্রত মহাপাত্র।

অভিযোগ, ভেড়ুতিয়া এলাকার ২৮ ও ২৯ নম্বর বুথে ভোটারদের জোর করে সরিয়ে দেওয়া এবং তাঁদের হয়ে বহিরাগতদের ভোট দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এখানেই শেষ নয়, এছাড়াও ভেড়ুতিয়ার ৯৬ নম্বর বুথে প্রকৃত ভোটারদের ভোট দিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আমদাবাদ-২ অঞ্চলের কামালপুরের ১৬৭ নম্বর বুথে ভোটারদের পথে আটকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, “আইনের নিয়ন্ত্রণে রাখতে কিছু নিয়ম পুলিশকে মানতে হয়। আধা সামরিক বাহিনী থাকছে। বাংলায় তো কংগ্রেস প্রতিযোগিতায় নেই। কংগ্রেস খায় না মাথায় দেয়? হাওয়া গরমের জন্য করছে।”
Sponsored Ads
Display Your Ads Here









