নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দুর্গাপুরের প্রাণকেন্দ্রে তৃণমূল কংগ্রেস আমলে জ্বলজ্বল করছিল বিশ্ব বাংলার লোগো। রাজ্যে পালাবদলের পর ওই লোগো সরিয়ে ফেলা হয়েছিল। এবার সেই জায়গাতেই বসতে চলেছে বজরংবলীর মূর্তি। ত্রিশ ফুটের এই বিশালাকার মূর্তি ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে ওই এলাকায়। এই মূর্তি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৭ তারিখ তিনি দুর্গাপুর সফরে আসবেন বলে প্রাথমিক খবর। সেদিনই ওই মূর্তি উদ্বোধন হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলার পর দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে প্রবেশের মুখেই ওই জায়গা ফাঁকা পড়েছিল। দিন কয়েক আগেই সিদ্ধান্ত হয় ওই জায়গায় এবার বজরংবলীর মূর্তি বসবে। মূর্তি স্থাপনের জায়গা পরিদর্শন করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই কর্মসূচিকে সামনে রেখেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি ও তৎপরতা। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সেটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েও চর্চা চলছে। ডিএমসি মোড়কে কেন্দ্র করে তৈরি হয়েছে বাড়তি কৌতূহলও।

ত্রিশ ফুটের ওই বিশাল মূর্তি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই কাজ ও এলাকার সৌন্দর্যায়নও নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে। এমনই জানানো হচ্ছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই বলেন, “এত বড় বজরংবলীর মূর্তি দুর্গাপুরেই বসছে। যেখান থেকে মানুষ আসুক না কেন দুর্গাপুরে হনুমানের মূর্তি দর্শন করেই দুর্গাপুরে প্রবেশ করবেন। এই মূর্তি প্রথম আমরা অস্থায়ীভাবে বসিয়েছিলাম দুর্গাপুজো মণ্ডপে। এবার স্থায়ীভাবে বসানো হচ্ছে। যা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন এই মূর্তিকে আমরা পুজো করবো। এবং এই মূর্তিকে ঘিরে দুর্গাপুরের প্রবেশপথের রূপও পরিবর্তন হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
বজরংবলী মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু বসু বলেন,”তৃণমূল আর বিজেপির কোনও পরিবর্তন নেই। মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইগুলো থেকে সরে গিয়ে মন্দির ও মূর্তি বসানোর প্রতিযোগিতা চলছে। মুখ্যমন্ত্রীকে দেখানোর জন্য এই মূর্তি বসছে। তবে আমরা বলছি দুর্গাপুরের যেসব কলকারখানা বন্ধ আছে সেগুলি চালু করা হোক। মানুষের কর্মসংস্থানের জায়গা হোক।” তাঁর আরও বক্তব্য, “যারা অবৈধ কারবারের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ, প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে মানুষকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই মন্দির ও মূর্তি বসানোর প্রতিযোগিতা চলছে।”










