চয়ন রায়ঃ কলকাতাঃ ২০২১ সালে নন্দীগ্রামের পরে ২০২৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে ১৫,১০৫ ভোটে জেতার পরে জয়ের শংসাপত্র নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘ভবানীপুরে আমাকে যাঁরা জিতিয়েছেন তাঁদের আমি প্রণাম জানাই।’
অমুসলিম ভোটে জয়ের প্রসঙ্গও এ দিন স্মরণ করান শুভেন্দু। তিনি বলেছেন, ‘হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই। ভবানীপুরে মুসলিমরা আমাকে ভোট দেননি।’
ভবানীপুরে না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জ্ঞাপনের বৃত্ত সম্পূর্ণ হতো বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিক। এ নিয়ে তিনি বলেছেন, ‘এই সিট জেতা দরকার ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বার কলকাতা দক্ষিণ-পূর্ব থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন। এই আসনে না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হতো না।’
Sponsored Ads
Display Your Ads Hereবাংলার বিধানসভা নির্বাচনে এই জয়ের পরে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জেতা বিজেপি প্রার্থী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘ধন্যবাদ জানাব বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীকে। কৃতজ্ঞতা জানাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে উৎসাহিত করেছিলেন। আজ বাংলায় পরিবর্তন হয়েছে। যে সব বিজেপি কর্মীরা এতদিন প্রাণ দিয়েছেন, এই জয় তাঁদের প্রতি উৎসর্গ করলাম।’










