নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ সাতসকালে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল সম্ভবত নেপাল। এদিনের কম্পনে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমে ভূম্পন অনুভূত হয়েছে। বেশ কিছুক্ষণ কম্পন স্থায়ী হয় বলে খবর। কম্পনের জেরে দুলে ওঠে বড় বড় বহুতল। এদিকে, সকাল সকাল আচমকা ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। এখনো অবধি কোনো ক্ষয়-ক্ষতি খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে। যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার গভীরে। মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে কেঁপে ওঠে নেপালের বিস্তীর্ণ এলাকা। একইসঙ্গে কম্পন অনুভূত হয় ভারতের উত্তরবঙ্গ, বাংলাদেশ, ভুটান ও চিনেও। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি স্তরে বিস্তারিত তথ্য সামনে আসেনি। কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে কেঁপে ওঠে বড় বড় বহুতল, বাড়িঘর থেকে শুরু করে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটি ও তার। তবে আফটার শকের আশঙ্কা করছেন অনেকেই। সেক্ষেত্রে আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গবাসী। পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।










